আগরতলা: চার মাসের অন্তঃসত্ত্বা কবিতা দেববর্মার মৃত্যু ঘিরে সোমবার আইজিএম হাসপাতালে আবেগঘন ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। রাধাপুর থানার অন্তর্গত বেলবাড়ি এলাকা থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইজিএম হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।প্রিয়জনকে হারানোর শোকে ভেঙে পড়া পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে যেতে চান। তবে চিকিৎসকরা জানান, আইনগত প্রক্রিয়া অনুযায়ী এই ক্ষেত্রে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা সম্ভব নয়। এ নিয়ে কিছু সময়ের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।পরিস্থিতির খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। থানার ওসি সঞ্জিত সেন মৃতার পরিবারের সঙ্গে কথা বলে আইনগত প্রক্রিয়ার গুরুত্ব বোঝান। পরে পরিবারের সদস্যরা ময়নাতদন্তে সম্মতি দেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।জানা গেছে, কবিতা দেববর্মা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
৪ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু, ময়নাতদন্ত ঘিরে আইজিএমে উত্তেজনা
