আগরতলা: বহু বছর ধরে যেখানে দুর্গাপূজার ঢাক বাজে, সেই মাঠই আজ বিতর্কের কেন্দ্রবিন্দু। রাজধানীর আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লীর একটি খোলা জমির মালিকানা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী প্রশাসনের দ্বারস্থ হয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ২৫ থেকে ৩০ বছর ধরে এলাকার মানুষ, বিশেষ করে মহিলাদের সক্রিয় অংশগ্রহণে ওই মাঠে দুর্গাপূজার আয়োজন হয়ে আসছে। তাঁদের বক্তব্য, প্রায় অর্ধশতাব্দী ধরে জমিটির কোনো বৈধ মালিকানা প্রকাশ্যে আসেনি এবং এটি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।অভিযোগ, জীবন দে ওরফে দিপু দে নামে এক ব্যক্তি সম্প্রতি জাল নথির মাধ্যমে জমিটির মালিকানা দাবি করে বিক্রির চেষ্টা করছেন। এমনকি সম্ভাব্য ক্রেতাদের জমিটি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।এলাকাবাসীর আরও অভিযোগ, একটি জমি-সংক্রান্ত বিরোধকে অযথা রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা হচ্ছে। তাঁদের দাবি, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়; বরং এলাকার মানুষের দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য ও জনস্বার্থের সঙ্গে জড়িত একটি সমস্যা।এই পরিস্থিতিতে এসডিএম, তহশিল অফিস এবং স্থানীয় কাউন্সিলরের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন বাসিন্দারা। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতির কাছেও বিষয়টি জানিয়ে নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের আবেদন করা হয়েছে।স্থানীয়দের দাবি, তদন্তে যদি বৈধ মালিকানা প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আর যদি জালিয়াতি বা অনিয়মের প্রমাণ মেলে, তবে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক। একই সঙ্গে দীর্ঘদিনের দুর্গাপূজার ঐতিহ্য যাতে ব্যাহত না হয়, সেই বিষয়েও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।এখন সবার নজর প্রশাসনের তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের দিকে।
পূজোর মাঠ নিয়ে টানাপোড়েন, আড়ালিয়ায় জমির মালিকানা বিতর্কে নিরপেক্ষ তদন্তের দাবি
