Headlines

১৫ আগস্টের মধ্যে ৩০ কোটি টাকার বকেয়া মেটানোর আশ্বাস, আন্দোলন স্থগিত রেখে আশাবাদী টিইসিএল কন্ট্রাক্টররা

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিন ধরে বকেয়া বিলের দাবিতে আন্দোলনে নামা টিইসিএল (TECL) কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের মুখে এবার কিছুটা স্বস্তির হাসি। শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে আগামী ১৫ আগস্টের মধ্যেই প্রায় ৩০ কোটি টাকার বকেয়া বিল পরিশোধের আশ্বাস মিলেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন।বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এর আগে বকেয়া বিলের দাবিতে কন্ট্রাক্টররা বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বিভিন্ন কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে আন্দোলনে নেমেছিলেন। পরে বিদ্যুৎমন্ত্রীর আহ্বানে তারা কর্মবিরতি প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথে এগিয়ে আসেন।শনিবারের বৈঠকে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রায় ৩০ কোটি টাকার বিল দ্রুত মিটিয়ে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক স্বপন দাস জানান, বিদ্যুৎমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন যে ১৫ আগস্টের মধ্যেই বকেয়া অর্থ পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।তিনি আরও জানান, বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মন্ত্রী বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে কথা বলে বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।মন্ত্রীের এই আশ্বাসে সন্তোষ প্রকাশ করেছে টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। তাদের বক্তব্য, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া বিল মিটে গেলে রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ আবারও পূর্ণ গতিতে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এখন সকলের নজর ১৫ আগস্টের দিকে—প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় কি না, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *