আগরতলা, ৩১ জুলাই: বছরের পর বছর কাজ করেও স্থায়ী স্বীকৃতি নেই, নেই চাকরির নিরাপত্তা। এই দীর্ঘদিনের ক্ষোভ ও অনিশ্চয়তার প্রতিবাদে শুক্রবার আগরতলার আইজিএম হাসপাতালের সামনে কালো ব্যাজ ধারণ করে ‘কালো দিবস’ পালন করলেন ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা।বিক্ষোভে অংশ নেওয়া কর্মীদের বক্তব্য, দীর্ঘ সময় ধরে বিভিন্ন সরকারি দপ্তরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও এখনও তাঁদের চাকরি নিয়মিত করা হয়নি। ফলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, আর্থিক নিরাপত্তাহীনতা এবং সামাজিক উদ্বেগের মধ্যেই দিন কাটাতে হচ্ছে।কালো ব্যাজ পরে প্রতিবাদে সামিল হওয়া কর্মীরা সরকারের কাছে দ্রুত নিয়মিতকরণের দাবি জানান। তাঁদের বক্তব্য, এটি শুধু চাকরির দাবি নয়, বরং বহু বছরের শ্রম ও অবদানের ন্যায্য স্বীকৃতির দাবি।বিক্ষোভকারীরা জানান, বারবার বিভিন্ন মাধ্যমে দাবি জানানো হলেও এখনও কোনো ইতিবাচক সিদ্ধান্তের ইঙ্গিত মেলেনি। তাই বাধ্য হয়েই তাঁরা প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।তাঁদের আশা, সরকার বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
বুকে কালো ব্যাজ, চোখে অনিশ্চয়তার ছাপ— নিয়মিতকরণের দাবিতে আইজিএম হাসপাতালের সামনে অনিয়মিত কর্মীদের বিক্ষোভ
