আগরতলা, ৩০ জুলাই: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশের মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের পরীক্ষাসংক্রান্ত সমস্ত প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।এদিন পর্ষদের মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করেন টিবিএসই-র সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী। উপস্থিত ছিলেন পর্ষদের সচিব ড. জয়দীপ ভট্টাচার্য এবং ওএসডি নীলমাধব সাহা।বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশের পর মাধ্যমিক পরীক্ষার সামগ্রিক পাশের হার ৮৪.১৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮৪.৯৩ শতাংশে। এই পরীক্ষায় ২৩৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।অন্যদিকে, উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষায় ৩৫০ জন পরীক্ষার্থী সফল হয়েছে। এর ফলে উচ্চ মাধ্যমিকের সামগ্রিক পাশের হার ৭৯.৩৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮০.৬৫ শতাংশ।এ বছর মাধ্যমিক স্তরে ২৯২টি এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৬৬টি বিদ্যালয় শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে, যা শিক্ষার মানোন্নয়নের ইতিবাচক ইঙ্গিত বলে মনে করছে পর্ষদ।এছাড়া, মাধ্যমিক পরীক্ষায় স্ট্যান্ডার্ড ম্যাথেমেটিক্স বিষয়ে ৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৩৬ জন সফল হয়েছে।পর্ষদ জানিয়েছে, বছর বাঁচাও পরীক্ষার মাধ্যমে বহু শিক্ষার্থী নিজেদের শিক্ষাবর্ষ ধরে রাখার সুযোগ পেয়েছে। এই ফলাফল তাদের আগামী দিনের উচ্চশিক্ষার পথ আরও সহজ করবে বলেই আশা প্রকাশ করা হয়েছে।
টিবিএসই-র বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশের হার
