নিজস্ব প্রতিনিধি: চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে বুধবার স্বাস্থ্য অধিকর্তার দফতরে বিক্ষোভ কর্মসূচি পালন করে বাম ছাত্র-যুব সংগঠনের সদস্যরা। পরে সংগঠনের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেয়।বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়।সংগঠনের নেতারা বলেন, মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার অধিকার কোনওভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া যায় না। তাই ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়ম আর না ঘটে, সেই লক্ষ্যে নিরাপদ ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলারও দাবি তোলা হয়।স্বাস্থ্য অধিকর্তার দফতরে স্মারকলিপি জমা দিয়ে আন্দোলনকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারিও দেন বাম ছাত্র-যুব সংগঠনের নেতৃত্ব।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সরব বাম ছাত্র-যুব, স্বাস্থ্য অধিকর্তার কাছে স্মারকলিপি
