নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ আট বছর পর রামনগরের রাস্তায় ফের শক্তি প্রদর্শন করল ডিওয়াইএফআই রামনগর লোকাল কমিটি। বুধবার সকালে কের চৌহমনী থেকে শুরু হওয়া যুব মিছিলটি রামনগরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় কের চৌহমনীতে এসে শেষ হয়। স্লোগানে মুখরিত এই মিছিলে বিপুল সংখ্যক যুবক-যুবতীর অংশগ্রহণ নজর কেড়েছে।ডিওয়াইএফআই-এর পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গণতান্ত্রিক পরিবেশ নিয়ে উদ্বেগ, যুবসমাজের মধ্যে নেশার বিস্তার, শিক্ষা ও কর্মসংস্থানের সংকট, রাস্তা-ঘাটের বেহাল অবস্থা এবং স্মার্ট সিটি প্রকল্পের নামে সাধারণ মানুষের দুর্ভোগের প্রতিবাদেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে এলাকার মানুষকে বিভিন্ন জনস্বার্থের ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।মিছিলে নেতৃত্ব দেন রামনগর অঞ্চলের সম্পাদক নীলোত্তম মজুমদার ও সভাপতি সুমন দেব। উপস্থিত ছিলেন সদর বিভাগীয় সম্পাদক জয়দীপ রাউথ, সভাপতি প্রসেনজিৎ দেব, যুব নেতা শিবু সূত্রধর, জয়দীপ কর, দিলওয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা। কর্মসূচির শেষ পর্যায়ে অংশ নেন বামপন্থী নেতা শুভাশিস গাঙ্গুলী, গৌতম চক্রবর্তী ও গৌড় কুমার ভট্টাচার্য।সংগঠনের দাবি, দীর্ঘদিন পর এই মিছিলের মাধ্যমে রামনগরে যুবসমাজের অংশগ্রহণ নতুন বার্তা দিয়েছে। আগামী দিনেও জনস্বার্থের বিভিন্ন দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিওয়াইএফআই।
আট বছর পর রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন
