নিজস্ব প্রতিনিধি: বছরের পর বছর কেটে গেলেও বদলায়নি রাস্তার চিত্র। জনপ্রতিনিধিরা এসেছেন, পরিদর্শন করেছেন, আশ্বাসও দিয়েছেন—কিন্তু বাস্তবে সংস্কারের কাজ আজও শুরু হয়নি। আর সেই ক্ষোভই এবার প্রকাশ্যে আনলেন কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।নকুল চৌমুনা থেকে শ্রীনগর ঋষি কলোনি পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে কার্যত সংস্কারবিহীন বলে অভিযোগ। কোথাও বড় বড় গর্ত, কোথাও ভাঙাচোরা অংশ—প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ।স্থানীয়দের বক্তব্য, এই রাস্তা শুধু একটি গ্রামের নয়; নকুল চৌমুনা, শেখের কোট, কাঞ্চনমালা হয়ে আগরতলাগামী অসংখ্য মানুষের একমাত্র ভরসা। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, মোটরসাইকেল আরোহী এবং অন্যান্য যানবাহনের চালকদের।বাসিন্দাদের অভিযোগ, বহুবার গ্রাম পঞ্চায়েত ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে বিষয়টি জানানো হয়েছে। বিভিন্ন সময়ে এলাকায় এসে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু সেই আশ্বাস আজও বাস্তবে রূপ পায়নি।এখন এলাকাবাসীর একটাই দাবি—আর আশ্বাস নয়, দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ শুরু হোক। কারণ একটি ভালো রাস্তা শুধু যাতায়াতের সুবিধাই নয়, নিরাপদ জীবনযাপনেরও অন্যতম ভিত্তি।
৩৫ বছরেও সংস্কার নয়, বেহাল রাস্তায় নিত্য দুর্ভোগে এলাকাবাসী
