নিজস্ব প্রতিনিধি | আগরতলা | ২৭ জুলাইচাকরির আশায় বছরের পর বছর প্রস্তুতি, আর সেই পরীক্ষা নিয়েই প্রশ্নফাঁসের অভিযোগ—এতে ক্ষোভ ও হতাশা বাড়ছে রাজ্যের বেকার যুবক-যুবতীদের মধ্যে। সিএইচও (কমিউনিটি হেলথ অফিসার) নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সোমবার ফের জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর কার্যালয়ে যান একদল চাকরিপ্রার্থী।চাকরিপ্রার্থীদের বক্তব্য, এর আগেও তাঁরা একই অভিযোগ নিয়ে কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত এমন কোনো স্পষ্ট ব্যাখ্যা বা পদক্ষেপ চোখে পড়েনি, যা তাঁদের আস্থা ফিরিয়ে আনতে পারে। তাই আবারও এনএইচএম কার্যালয়ে গিয়ে বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং স্বচ্ছ জবাব দাবি করেন তাঁরা।বেকারদের অভিযোগ, কর্তৃপক্ষের কাছ থেকে যে উত্তর তাঁরা পেয়েছেন, তাতে তাঁরা মোটেই সন্তুষ্ট নন। তাঁদের দাবি, পরীক্ষার স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশ করা হোক। একই সঙ্গে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তবে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তাঁরা।আন্দোলনকারীদের কথায়, “আমরা শুধু একটি চাকরি চাই না, চাই একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া। যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে।”চাকরিপ্রার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও সন্তোষজনক পদক্ষেপ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন।এদিকে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রকাশ করা হয়নি।
প্রশ্নফাঁসের অভিযোগে ফের এনএইচএমে বেকারদের বিক্ষোভ, ‘আশ্বাস নয়, চাই নিরপেক্ষ তদন্ত’
