তেলিয়ামুড়া, ২২ জুলাই: সরকারি অফিসও আর নিরাপদ নয়—তেলিয়ামুড়ায় ঘটে যাওয়া এক দুঃসাহসিক চুরির ঘটনায় এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। পি.ডব্লিউ.ডি-র অধীনস্থ ওয়াটার রিসোর্স বিভাগের সরকারি অফিসে গভীর রাতে হানা দিয়ে দুর্বৃত্তরা একাধিক কক্ষের তালা ভেঙে সরকারি কাজে ব্যবহৃত মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।বুধবার খার্চি পূজা উপলক্ষে সরকারি ছুটির দিনেও বিশেষ কাজে অফিসে এসে কর্মীরা প্রথমে মূল ফটকের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখা যায়, অফিসের প্রতিটি কক্ষ, লকার ও আলমারির তালা ভেঙে তছনছ করে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, সরকারি কাজে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, কয়েকটি মোটর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়েছে।ঘটনার খবর সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া থানায় জানানো হয়। তবে অভিযোগ অনুযায়ী, সংবাদ লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি।এই ঘটনায় সরকারি দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কর্মীরা। তাদের দাবি, দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া সরকারি সম্পদ উদ্ধার করতে হবে।স্থানীয়দের একাংশের বক্তব্য, যদি সরকারি অফিসেই এভাবে নিশ্চিন্তে চুরি সংঘটিত হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরকারি অফিসেই দুঃসাহসিক চুরি! তালা ভেঙে উধাও মোবাইল-সরঞ্জাম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
