বিশ্রামগঞ্জ, ২৯ জুন: প্রিয় শিক্ষিকার বদলির সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা।বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, ইংরেজি বিষয়ের শিক্ষিকা তানিয়া সাহার বদলির নির্দেশে তাদের পড়াশোনার ক্ষতি হবে। তাই অবিলম্বে এই বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানায় তারা।ছাত্রছাত্রীরা স্পষ্ট জানিয়ে দেয়, দিনের মধ্যেই যদি বদলির নির্দেশ বাতিল না করা হয়, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে। প্রয়োজনে জাতীয় সড়ক অবরোধ করারও হুঁশিয়ারি দেয় তারা।এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শিক্ষিকার বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা, জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের
