শিক্ষক দিবস মানেই শুধু শিক্ষকদের সম্মান জানানো নয়, তাঁদের কাজকে একটু কাছ থেকে অনুভব করাও। সেই ভাবনাতেই অভিনব উদ্যোগ দেখা গেল রাজধানী আগরতলার বনেদি শিক্ষা প্রতিষ্ঠান নেতাজী সুভাষ চন্দ্র বিদ্যানিকেতনে।৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসকে সামনে রেখে স্কুলের বড় ক্লাসের ছাত্র-ছাত্রীরা একদিনের জন্য ছোট ক্লাসের পড়ুয়াদের শিক্ষক হয়ে উঠেছে। নিজেদের পরিচিত শ্রেণিকক্ষেই ছোটদের পড়াচ্ছে তারা, বুঝিয়ে দিচ্ছে বিভিন্ন বিষয়, আবার কখনও ভুল হলে বন্ধুর মতো করে শুধরেও দিচ্ছে।সাধারণত যাঁদের কাছ থেকে পড়াশোনা শেখে, সেই শিক্ষকদের ভূমিকা এবার নিজেরাই পালন করে বড় ক্লাসের পড়ুয়ারা। আর এই অভিজ্ঞতায় তাদের মধ্যেও তৈরি হয়েছে এক অন্যরকম অনুভূতি।ছাত্র-ছাত্রীদের কথায়, ক্লাসে দাঁড়িয়ে পড়ানো যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে তা নয়। ছোটদের মনোযোগ ধরে রাখা, বিষয় বুঝিয়ে বলা এবং তাদের প্রশ্নের উত্তর দেওয়া—সব মিলিয়ে শিক্ষকদের দায়িত্বটা যে কতটা গুরুত্বপূর্ণ, এই অভিজ্ঞতার মধ্য দিয়ে তা আরও ভালোভাবে বুঝতে পেরেছে তারা।এই উদ্যোগের মাধ্যমে শুধু ছোটদের পড়াশোনায় সহায়তা নয়, বড়দের মধ্যেও তৈরি হচ্ছে নেতৃত্ব দেওয়ার মানসিকতা, দায়িত্ববোধ এবং আত্মবিশ্বাস। শিক্ষক দিবসের আগে এমন উদ্যোগ যেন ছাত্র-শিক্ষকের সম্পর্কের গুরুত্বকেই আরও একবার সামনে নিয়ে এল।
শিক্ষক দিবসের আগেই ‘শিক্ষক’ বড় দাদারা, ছোটদের পড়াচ্ছে বড় ক্লাসের পড়ুয়ারা
