বৃহস্পতিবার সকালে শ্রীনগর থানাধীন যুগল কিশোর নগর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন পাকা রাস্তা দিয়ে রেগার কাজে যাচ্ছিলেন সুভদ্রা। পঞ্চায়েতের কিছুটা সামনে যেতেই পিছন দিক থেকে একটি বাইকে করে আসে দুই যুবক। কিছু বুঝে ওঠার আগেই বাইকে থাকা এক ছিনতাইকারী তাঁর গলা থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের সোনার চেন ছিনিয়ে নেয়।চোখের পলকে বাইক নিয়ে পালিয়ে যায় দু’জন। সুভদ্রার চিৎকার শুনে আশপাশের মানুষজন ছুটে এলেও ততক্ষণে অনেকটা দূরে চলে গেছে ছিনতাইকারীরা। জানা গেছে, বাইকে থাকা দু’জনের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীনগর থানার পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি যুগল কিশোর নগর গ্রাম পঞ্চায়েতের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার থেকেই অভিযুক্তদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ।শুক্রবার স্বামী সুব্রত দেববর্মাকে সঙ্গে নিয়ে থানায় যান সুভদ্রা। দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং হারিয়ে যাওয়া সোনার চেন উদ্ধারের আবেদন জানান তাঁরা।সুভদ্রার কথায়, তাঁর স্বামী দিনমজুরের কাজ করে অত্যন্ত কষ্টে উপার্জন করা অর্থ দিয়ে চেনটি তৈরি করেছিলেন। তাই চেন হারানোর কষ্টের সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রমের স্মৃতিও। এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে পরিবারটি—ফিরে আসুক তাদের কষ্টের জমানো সেই সোনার চেন।
রোজকার মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুভদ্রা দেববর্মা। কে জানত, কয়েক মিনিটের মধ্যেই পথে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীদের হাতে হারাতে হবে বহু কষ্টে গড়া সোনার চেন!
