সেকেরকোট: সোমবার সকালে মালাবতী চা বাগানের জঙ্গল থেকে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সেকেরকোট এলাকায়। রেল ব্রিজ সংলগ্ন রাস্তার পাশের জঙ্গলে গাছের সঙ্গে দেহটি ঝুলতে দেখে স্থানীয়রাই প্রথমে আমতলী থানায় খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের দাবি, মৃত যুবক এই এলাকার বাসিন্দা নন। দেহ উদ্ধারের পরিস্থিতি দেখে তাঁকে অন্য কোথাও হত্যা করে এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে কি না, সেই সন্দেহও প্রকাশ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।তবে ঘটনাটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আমতলী থানার পুলিশ।
মালাবতী চা বাগানে যুবকের ঝুলন্ত দেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য
