Headlines

ভারী বৃষ্টির জেরে ঝুঁকিপূর্ণ কাটাখাল বাঁধ, নির্দিষ্ট সড়ক এড়াতে জেলা প্রশাসনের জরুরি নির্দেশ

আগরতলা, ১৩ জুলাই: টানা ভারী বৃষ্টির কারণে পশ্চিম ত্রিপুরার কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা ও বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জনসাধারণের নিরাপত্তার স্বার্থে জরুরি সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন।পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড. বিশাল কুমার এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কাটাখাল বেড়িবাঁধ এবং দুর্গাচৌমুহনী থেকে প্রগতি এলাকার পেছনের সড়ক (প্রগতি ব্যাকসাইড রোড) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যবহার না করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে।প্রশাসনের মতে, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে ওই এলাকাগুলির রাস্তা ও বাঁধের কিছু অংশ দুর্বল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।জেলা প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকাগুলির পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় মেরামত ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণের কাজও চলছে, যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যায়।প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহার করার এবং সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বর্ষাকালীন এই সময়ে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে নিরাপদ পথে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।প্রশাসনের আশা, সকলের সহযোগিতায় সম্ভাব্য দুর্ঘটনা এড়িয়ে জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *