মেলাঘর, নিজস্ব প্রতিনিধি: একটি রাস্তার বেহাল অবস্থা যে কতটা ভোগান্তির কারণ হতে পারে, তারই বাস্তব চিত্র দেখা গেল সিপাহীজলা জেলার মেলাঘর সংলগ্ন বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের তেলকাজলা বড়ডেপা এলাকায়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে যে এখন সেখানে রেশনবাহী গাড়িও প্রবেশ করতে পারছে না। ফলে বাধ্য হয়ে এলাকার রেশন দোকানটি সাময়িকভাবে তেলকাজলা কালীবাড়িতে স্থানান্তর করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস ধরেই রাস্তাটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও রাস্তার পাশের সুরক্ষা দেওয়াল ভেঙে চাষের জমিতে ধসে পড়েছে, আবার কোথাও সংলগ্ন ছড়ার পাড় ভেঙে রাস্তার অংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন এই রাস্তা দিয়েই স্কুল-কলেজের পড়ুয়া, রোগী, কৃষক এবং সাধারণ মানুষকে যাতায়াত করতে হয়। কিন্তু বর্তমানে সেই যাতায়াতই যেন জীবনের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে।সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন রেশন গ্রাহকরা। রাস্তার বেহাল অবস্থার কারণে রেশনবাহী গাড়ি দোকান পর্যন্ত পৌঁছাতে না পারায় প্রশাসনকে রেশন বিতরণ কেন্দ্র অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। এতে প্রবীণ ও সাধারণ উপভোক্তাদের অতিরিক্ত দূরত্ব অতিক্রম করে রেশন সংগ্রহ করতে হচ্ছে।এলাকাবাসীর দাবি, বহুবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাঁদের আশঙ্কা, বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।স্থানীয়দের একটাই দাবি— আর কোনো আশ্বাস নয়, দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার শুরু করা হোক, যাতে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনা যায় এবং সাধারণ মানুষকে আর দুর্ভোগের শিকার হতে না হয়।
বেহাল রাস্তা, দুর্ভোগে গোটা গ্রাম! রেশনবাহী গাড়িও ঢুকতে না পারায় স্থানান্তরিত হলো রেশন দোকান
