তেলিয়ামুড়ার মাইগঙ্গা পঞ্চায়েতের ডি.এম. কলোনি এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগকে ঘিরে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে ঘটনাটি ঘটে।ঘটনার পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং পরে তাকে খোয়াই জেলা আদালতে সোপর্দ করা হয়।ঘটনার খবর পেয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে এবং পরিস্থিতির খোঁজ নিতে এলাকায় যায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি (AIDWA) ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI)-এর যৌথ প্রতিনিধি দল। পরিবারের পাশে দাঁড়িয়ে সংগঠনগুলির পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানানো হয়।পাশাপাশি, অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি তুলেছেন সংগঠনের নেতৃত্ব। তাঁদের বক্তব্য, এমন অভিযোগের ক্ষেত্রে তদন্ত যেন কোনওভাবে প্রভাবিত না হয় এবং নির্যাতিতা যাতে দ্রুত ন্যায়বিচার পান, তা নিশ্চিত করা জরুরি।প্রতিনিধি দলে ছিলেন AIDWA-র রাজ্য কমিটির নেত্রী গায়ত্রী দত্ত, তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সভানেত্রী প্রভা দাস ভৌমিক, জেলা কমিটির নেত্রী ঝর্না দেববর্মা এবং বিভাগীয় কমিটির নেত্রী মমতা দাস। DYFI-এর পক্ষ থেকে ছিলেন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক অর্ধেন্দু ঘোষ, সভাপতি বিশ্বজিৎ ভৌমিক এবং বিভাগীয় কমিটির সদস্য রাজেশ দেব।সংগঠনগুলির নেতৃত্ব জানিয়েছে, নাবালিকার ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বিষয়টির ওপর নজর রাখবেন এবং প্রয়োজনীয়ভাবে পরিবারের পাশে থাকার চেষ্টা করবেন।
নাবালিকার পাশে সংগঠনগুলি, তেলিয়ামুড়ায় ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
