আগরতলা, ১০ জুলাই: দেশের জন্য আত্মবলিদান কখনও বিস্মৃত হয় না। সেই আত্মত্যাগের ইতিহাসকে স্মরণ করে শুক্রবার রাধানগর ব্যাটালিয়নে এক আবেগঘন পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের আয়োজন করে আসাম রাইফেলস। অনুষ্ঠানে ২৮ আসাম রাইফেলসের বীর শহিদ রাইফেলম্যান (জিডি) গোবিন্দ সিং-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।আজ থেকে ঠিক ৩০ বছর আগে, ১৯৯৬ সালের ১০ জুলাই জম্মু ও কাশ্মীরের মান্দ্রালা এলাকায় জঙ্গি দমনের এক অভিযানে সাহসিকতার সঙ্গে লড়াই করতে গিয়ে গুরুতর আহত হন গোবিন্দ সিং। শেষ নিঃশ্বাস পর্যন্ত কর্তব্য পালন করে তিনি দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেন। তাঁর সেই বীরত্ব ও দেশপ্রেম আজও আসাম রাইফেলসের প্রতিটি জওয়ানের কাছে অনুপ্রেরণার উৎস।রাধানগর ব্যাটালিয়নে আয়োজিত অনুষ্ঠানে ব্যাটালিয়নের সুবেদার মেজর, অ্যাডজুট্যান্ট, সেকেন্ড-ইন-কমান্ড এবং কমান্ড্যান্ট শহিদ জওয়ানের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন। উপস্থিত সকল সেনা সদস্য দুই মিনিট নীরবতা পালন করে বীর শহিদের প্রতি শ্রদ্ধা জানান।আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের স্মরণানুষ্ঠান শুধুমাত্র একজন বীর সেনানীকে সম্মান জানানোর জন্য নয়, বরং দেশের জন্য আত্মোৎসর্গকারী সকল শহিদের ত্যাগ, সাহস ও কর্তব্যপরায়ণতাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ অঙ্গীকার।’Lest We Forget’— দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
দেশের জন্য প্রাণ উৎসর্গ, ৩০ বছর পরও অমলিন স্মৃতি— শহিদ গোবিন্দ সিংকে শ্রদ্ধায় নত রাধানগর ব্যাটালিয়ন
