Headlines

দেড় বছরের বেহাল রাস্তায় জীবনের ঝুঁকি, পূর্ব বামুটিয়ার বাসিন্দাদের দ্রুত সংস্কারের দাবি

বামুটিয়া, ১৩ জুলাই: প্রতিদিন স্কুলে যাওয়া শিশু, হাসপাতালে ছুটে চলা রোগী কিংবা কর্মস্থলে যাওয়া সাধারণ মানুষ—সবার জন্যই আতঙ্কের নাম হয়ে উঠেছে পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের মণিপুরপাড়া সংযোগকারী রাস্তা। দীর্ঘ প্রায় দেড় বছর ধরে সংস্কারের অভাবে রাস্তাটি এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।আগরতলা–বামুটিয়া প্রধান সড়ক থেকে মণিপুরপাড়া পর্যন্ত ইটের সলিং রাস্তার বিভিন্ন অংশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কালভার্ট ক্ষতিগ্রস্ত, আবার কোথাও রাস্তার দুই পাশের ইট ধসে পড়ছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী।স্থানীয়দের কথায়, বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বৃষ্টির পানি জমে গর্তগুলো ঢেকে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। তাঁদের দাবি, জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি প্রবেশ করাও অত্যন্ত কঠিন হয়ে পড়ে।বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে রাস্তার পরিমাপ ও পরিদর্শন করা হলেও আজ পর্যন্ত সংস্কারের কাজ শুরু হয়নি। ফলে দিনের পর দিন দুর্ভোগ বেড়েই চলেছে।স্থানীয়দের আরও দাবি, এই রাস্তা দিয়েই পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের বাড়িতে যাতায়াত করা হয়। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা দূর করতে কার্যকর উদ্যোগ দেখা যায়নি।এলাকাবাসীর একটাই দাবি—দ্রুত রাস্তাটি সংস্কার করে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করা হোক। তাঁদের আশা, প্রশাসন আর দেরি না করে মানুষের দৈনন্দিন দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *