প্রায় এক দশকের অপেক্ষার পর আবারও ভোটের সুযোগ। সোমবার সকাল ৭টা বাজতেই টিটিএএডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে তেলিয়ামুড়ার বিভিন্ন বুথে শুরু হয় ভোটারদের আনাগোনা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়, আর একের পর এক বুথে চোখে পড়ে দীর্ঘ লাইন।তেলিয়ামুড়া আরডি ব্লকের তারা চান রূপিনী এস.বি. স্কুল, হদ্রাই রাধামাধব হাই স্কুল, দুখাই জমাদারপাড়া স্কুল-সহ একাধিক কেন্দ্রে সকাল থেকেই নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের লম্বা সারি দেখা যায়। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে এসে লাইনে দাঁড়িয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।দীর্ঘ প্রায় ১০ বছর পর ভিলেজ কাউন্সিল নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় ভোটারদের মধ্যে ছিল আলাদা উচ্ছ্বাস। কারও কাছে এই ভোট এলাকার ভবিষ্যৎ নিয়ে মত জানানোর সুযোগ, আবার কারও কাছে স্থানীয় প্রতিনিধি বেছে নেওয়ার গুরুত্বপূর্ণ দিন। সেই কারণেই সকাল থেকেই বুথমুখী মানুষের উপস্থিতিতে বিভিন্ন এলাকায় তৈরি হয় উৎসবের পরিবেশ।শুধু তেলিয়ামুড়া নয়, মুঙ্গিয়াকামি ব্লকের বিভিন্ন ভিলেজ কাউন্সিল এলাকাতেও সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটকেন্দ্রগুলিতে নিরাপত্তার ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। প্রশাসনিক আধিকারিক ও নিরাপত্তাকর্মীরাও পরিস্থিতির উপর নজর রাখেন।দীর্ঘ অপেক্ষার পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই স্পষ্ট, ভিলেজ কাউন্সিলের এই নির্বাচন ঘিরে এলাকাবাসীর আগ্রহ কতটা। সকাল থেকে বুথে বুথে দীর্ঘ লাইন যেন সেই অপেক্ষারই প্রতিচ্ছবি।
তেলিয়ামুড়ায় ভিলেজ কাউন্সিল ভোটে উৎসবের আমেজ, সকাল থেকেই বুথে দীর্ঘ লাইন
