কামালঘাট: আবারও সড়ক দুর্ঘটনার সাক্ষী হলো আগরতলা-খোয়াই (১০৮-বি) জাতীয় সড়ক। বৃহস্পতিবার রাতে লেফুঙ্গা থানার অধীন কামালঘাটের শান্তি পাড়া এলাকায় একটি অটো ও একটি ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন আহত হন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও চাঞ্চল্য।প্রত্যক্ষদর্শীদের দাবি, TR 01 BU 0355 নম্বরের ইকো গাড়িটি আগরতলা থেকে কামালঘাটের দিকে আসছিল। একই সময়ে TR 01 F 2984 নম্বরের অটোটিও ওই সড়কেই চলছিল। শান্তি পাড়া এলাকায় অটোটি হঠাৎ ঘোরানোর (টার্ন নেওয়ার) চেষ্টা করলে দুই গাড়ির মধ্যে জোরালো সংঘর্ষ হয়।দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের মানুষ ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে লেফুঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে।ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলেও বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।এদিকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আহত ইকো গাড়ির চালকের পিতা দুর্ঘটনার বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ কী এবং কার গাফিলতিতে এই সংঘর্ষ ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।স্থানীয়দের দাবি, জাতীয় সড়কে বেপরোয়া গাড়ি চালানো ও অসতর্কভাবে মোড় নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন, নইলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।
জাতীয় সড়কে ফের রক্তাক্ত দুর্ঘটনা! কামালঘাটে অটো-ইকোর মুখোমুখি সংঘর্ষে আহত ৩, আতঙ্কে এলাকাবাসী
