উদয়পুর, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে নিয়মিত তল্লাশি অভিযানের সময় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জিআরপি ও স্থানীয় পুলিশ। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশ সূত্রে জানা যায়, সাব্রুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উদয়পুর স্টেশনে পৌঁছানোর পর যাত্রীদের ব্যাগ তল্লাশি চলছিল। সেই সময় এক যুবকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি ব্যাগে কী রয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনও উত্তর দিতে পারেননি। পরে ব্যাগ খুলে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১২ কেজি গাঁজা।ধৃতের নাম সাগর মিয়া (১৯)। তাঁর বাড়ি সিপাহীজলা জেলার মোহনভোগ এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া গাঁজা চেন্নাইয়ে পাচারের উদ্দেশ্যে ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল।ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার ওসি-র নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।এই মাদক কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এর পেছনে সক্রিয় পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে।
উদয়পুর স্টেশনে বড়সড় মাদকবিরোধী সাফল্য, ১২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
