নিজস্ব সংবাদদাতা: স্বপ্ন যদি সত্যিই বড় হয়, তবে ছোট শহর কখনও বাধা হয়ে দাঁড়ায় না। সেই কথাই যেন আবার প্রমাণ করলেন গোমতী জেলার উদয়পুরের কিশোরী সায়ন্তিকা ধর। ত্রিপুরার মাটির মেয়ে এবার পা রাখলেন টলিউডের বড় পর্দায়, আর সেই সাফল্যে গর্বিত গোটা রাজ্য।পরিচালক রঞ্জন দত্ত পরিচালিত এবং মা দুর্গা প্রোডাকশন প্রযোজিত বাংলা চলচ্চিত্র ‘আনন্দ আশ্রম’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে সায়ন্তিকার। গত ৩১ জুলাই ২০২৬ মুক্তিপ্রাপ্ত এই পারিবারিক ও সামাজিক বার্তাধর্মী চলচ্চিত্র ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।ত্রিপুরা পুলিশের প্রয়াত ডিএসপি সুরজিৎ ধর এবং রাখি সিংহ ধরের কন্যা সায়ন্তিকা বর্তমানে নবম শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। ক্লাসিক্যাল ও ওয়েস্টার্ন—দুই ধারাতেই নিজেকে গড়ে তুলেছেন তিনি।২০২৫ সালে সামাজিক মাধ্যমে একটি অডিশনের বিজ্ঞাপন দেখে অভিনয়ের জগতে প্রথম পদক্ষেপ। এরপর কলকাতায় প্রশিক্ষণ নিয়ে নিজের প্রতিভার প্রমাণ দেন, আর সেখান থেকেই খুলে যায় বড় পর্দায় অভিনয়ের দরজা।‘আনন্দ আশ্রম’ ছবির গল্প একটি অনাথ আশ্রমকে ঘিরে আবর্তিত, যেখানে মানবিকতা, সংগ্রাম এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা তুলে ধরা হয়েছে। ছবিতে সায়ন্তিকার সঙ্গে অভিনয় করেছেন বোধিসত্ত্ব মজুমদার, কৌশিক ব্যানার্জী, লাবণী সরকার-সহ একাধিক জনপ্রিয় শিল্পী।সায়ন্তিকা জানান, তাঁর এই যাত্রার সবচেয়ে বড় শক্তি ছিলেন মা। আর মা রাখি সিংহ বলেন, শুধু পড়াশোনা নয়, সন্তানদের স্বপ্ন ও প্রতিভাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। সঠিক দিশা ও উৎসাহ পেলে অভিনয় জগতেও উজ্জ্বল ভবিষ্যৎ গড়া সম্ভব।ত্রিপুরার এক ছোট শহর থেকে টলিউডের বড় মঞ্চে পৌঁছে সায়ন্তিকা ধর আজ শুধু একজন নতুন অভিনেত্রী নন, তিনি রাজ্যের অসংখ্য স্বপ্নবাজ তরুণ-তরুণীর কাছে এক নতুন অনুপ্রেরণার নাম।
উদয়পুরের সায়ন্তিকার টলিউডে উড়ান, ‘আনন্দ আশ্রম’-এ বড় পর্দায় স্বপ্নপূরণ
