Headlines

ত্রিপুরার পুলিশ প্রশাসনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আচমকাই থেমে গেল রাজ্যের ডিজিপি অনুরাগ ধ্যানকরের জীবনযাত্রা। তাঁর আকস্মিক প্রয়াণের খবরে শোকস্তব্ধ গোটা ত্রিপুরা।

বৃহস্পতিবার সকাল। প্রতিদিনের মতোই পুলিশ সদর দপ্তরে দায়িত্বে ছিলেন ডিজিপি অনুরাগ ধ্যানকর। হঠাৎই সদর দপ্তরের শৌচালয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা মুহূর্তের মধ্যে তাঁকে উদ্ধার করে দ্রুত জিবি পন্ত হাসপাতালে নিয়ে যান।হাসপাতালে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালান। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তাঁকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের চিকিৎসক ডাঃ প্রদীপ ভৌমিক জানান, অত্যন্ত সংকটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়েছিল।খবর ছড়িয়ে পড়তেই জিবি হাসপাতালে ভিড় জমান প্রশাসনের শীর্ষ কর্তারা। মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকসহ বহু বিশিষ্ট ব্যক্তি হাসপাতালে পৌঁছে শেষ শ্রদ্ধা জানান এবং গভীর শোক প্রকাশ করেন।ডিজিপি অনুরাগ ধ্যানকরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় প্রশাসন। এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি।একজন দক্ষ, দায়িত্বশীল এবং অভিজ্ঞ পুলিশ আধিকারিকের এমন আকস্মিক প্রয়াণে শুধু পুলিশ বাহিনী নয়, গোটা রাজ্যই শোকাহত। প্রশাসন জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *