তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হলো ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন বা ডিওয়াইএফআই-এর পঞ্চম বিভাগীয় সম্মেলন। রবিবার সকালে সম্মেলনকে কেন্দ্র করে তেলিয়ামুড়া শহরের রাজপথে বের হয় একটি বিশাল মিছিল। হাতে পতাকা, মুখে বিভিন্ন স্লোগান—বেকারত্ব, নেশার প্রসার এবং জনস্বার্থের নানা ইস্যু তুলে ধরে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান সংগঠনের কর্মী-সমর্থকরা।মিছিল শেষে চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে শুরু হয় মূল সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফআই-এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব, কেন্দ্রীয় কমিটির সদস্যা মল্লিকা শীলসহ সংগঠনের শীর্ষ নেতৃত্ব। এবারের সম্মেলনে অংশ নেন মোট ৩১৫ জন প্রতিনিধি।বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, রাজ্যে বেকারত্ব ও নেশার সমস্যা উদ্বেগজনক হারে বেড়েছে। তিনি বলেন, এই পরিস্থিতির বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করতে হবে।অন্যদিকে, ডিওয়াইএফআই-এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, সংবিধানের মূল চেতনার ওপর আঘাত আসছে এবং সাধারণ মানুষের অধিকার ক্রমশ সংকুচিত হচ্ছে। তিনি জানান, মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার লড়াই ভবিষ্যতেও চালিয়ে যাবে ডিওয়াইএফআই।সম্মেলনে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি, যুব সমাজের বিভিন্ন সমস্যা এবং আন্দোলনের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
তেলিয়ামুড়ায় DYFI-এর ৫ম বিভাগীয় সম্মেলন, বেকারত্ব-নেশা ইস্যুতে সরব যুব সংগঠন
