Headlines

বেহাল রাস্তায় অটোকে পাশ দিতে গিয়ে খাদে সারবোঝাই মিনি ট্রাক, আহত কয়েকজন

বামুটিয়া, নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়া রাস্তা ফের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াল। যাত্রীবাহী একটি অটোকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায় জৈব সারবোঝাই একটি মিনি ট্রাক। ঘটনায় চালকসহ কয়েকজন আহত হলেও অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের কালীবাজার থেকে নোয়াগাঁও যাওয়ার সড়কের খলাবাড়ি সুইচ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। TR-01 X-1552 নম্বরের মিনি ট্রাকটি জৈব সার নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোকে পাশ দিতে গিয়ে রাস্তার ভাঙা অংশে ভারসাম্য হারিয়ে নিচে নেমে যায়।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিও উদ্ধার করা হয়।ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কের অবস্থা অত্যন্ত খারাপ হলেও সংশ্লিষ্ট দপ্তর বা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর সংস্কার কাজ করা হয়নি। বর্ষার সময় রাস্তাটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে।স্থানীয়দের দাবি, আর কোনো বড় দুর্ঘটনার অপেক্ষা না করে অবিলম্বে এই রাস্তার সংস্কার কাজ শুরু করা হোক। তাঁদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *