আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আগরতলা রেলস্টেশনে নিয়মিত নজরদারির মধ্যেই ফের বড় সাফল্য পেল জিআরপিএস (GRPS) ও ত্রিপুরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। শুক্রবার বিকেল প্রায় ৪টা নাগাদ যৌথ অভিযানে ট্রলি ব্যাগভর্তি ১১৯ বোতল সন্দেহভাজন নিষিদ্ধ কফ সিরাপ-সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আগরতলা রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে, আরপিএফ পোস্ট ও পার্কিং এলাকার মাঝামাঝি স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এক যুবক। তার আচরণে সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় ১১৯ বোতল সন্দেহভাজন মাদকজাতীয় কফ সিরাপ।গ্রেপ্তার হওয়া যুবকের নাম সাহিন আলম (২০) ওরফে শাকিল। তিনি সিপাহিজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত উরমাই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কফ সিরাপের কালোবাজারে আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়। এ ঘটনায় আগরতলা জিআরপিএস থানায় ২০২৬GRP047 নম্বর মামলা রুজু হয়েছে। মামলাটি এনডিপিএস আইন, ১৯৮৫-এর ২১(সি) ও ২৯ ধারায় নথিভুক্ত করা হয়েছে।তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, উদ্ধার হওয়া কফ সিরাপ কোনো মাদক পাচার চক্রের অংশ হতে পারে। এই চালান কোথা থেকে এসেছে, কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত—সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।ত্রিপুরা পুলিশ জানিয়েছে, রাজ্যজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
আগরতলা রেলস্টেশনে বড় সাফল্য! ট্রলি ব্যাগে ১১৯ বোতল নিষিদ্ধ কফ সিরাপ, যুবক গ্রেপ্তার
