আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মাদক কারবারের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ এবং ‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার দাবিতে শুক্রবার আগরতলায় পুলিশ সদর দফতরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে ডিওয়াইএফআই (DYFI) ও টিওয়াইএফ (TYF)।কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন। পরে সংগঠনের একটি প্রতিনিধি দল পুলিশের মহাপরিচালকের (DGP) উদ্দেশে স্মারকলিপি জমা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক পাচার রোধ এবং অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই-এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, মাদকের বিস্তার যুবসমাজের ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যে আইনের শাসন আরও শক্তিশালী করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।তিনি জানান, সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে একাধিক দাবি জানানো হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী দিনে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও ইঙ্গিত দেন।তবে সংগঠনের উত্থাপিত দাবিগুলির বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
‘নেশামুক্ত ত্রিপুরা’ ও আইনের শাসনের দাবিতে পুলিশ সদর দফতরে DYFI-TYF-এর ডেপুটেশন
