Headlines

মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় সিপিআই(এম), ৯ দফা দাবিতে বিশ্রামগঞ্জে মিছিল ও ডেপুটেশন

বিশ্রামগঞ্জ, নিজস্ব প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম, বিদ্যুতের বর্ধিত মাশুল এবং পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন ক্রমেই কঠিন হয়ে উঠছে—এই অভিযোগ তুলে শুক্রবার বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিআই(এম) বিশালগড় মহকুমা কমিটি।দুপুর ১২টা নাগাদ দুর্গাদাস শিকদার স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয় মিছিল। শতাধিক নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণে মিছিলটি বিশ্রামগঞ্জ বাজারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। অংশগ্রহণকারীরা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবাসহ বিভিন্ন ক্ষেত্রে মূল্যবৃদ্ধি এবং দুর্নীতির অভিযোগ তুলে স্লোগান দেন।মিছিল শেষে সিপাহিজলা জেলার জেলা শাসকের উদ্দেশে ৯ দফা দাবিসংবলিত একটি ডেপুটেশন পেশ করা হয়।সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সিপিআই(এম) বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার বলেন, লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।তিনি আরও বলেন, জনগণের স্বার্থে উত্থাপিত দাবিগুলির দ্রুত সমাধান না হলে আগামী দিনেও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটবে দল।কর্মসূচিতে সিপিআই(এম)-এর বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *