আগরতলা, ১৪ জুলাই: রথের চাকা ঘুরতে আর মাত্র দু’দিন বাকি। ভক্তদের উচ্ছ্বাস আর প্রস্তুতিতে এখন মুখর আগরতলা। আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে মঙ্গলবার পূর্বাশা গ্রাউন্ডে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইসকনের সহ-সভাপতি শ্রী ধাম গোবিন্দ দাস-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। তাঁরা জানান, রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভগবান শ্রীজগন্নাথদেবের করুণা, প্রেম, ভ্রাতৃত্ব ও সর্বজনীন ঐক্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক মহোৎসব।এবারের রথযাত্রায় সুসজ্জিত তিনটি পৃথক রথে বিরাজ করবেন ভগবান শ্রীজগন্নাথদেব, শ্রীবলদেব এবং দেবী সুভদ্রা। শোভাযাত্রার সঙ্গে থাকবে হরিনাম সংকীর্তন, ভজন, নৃত্য এবং ভক্তিমূলক নানা পরিবেশনা, যা আগরতলার রাজপথকে ভক্তির আবহে ভরিয়ে তুলবে।ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৬ জুলাই পূর্বাশা গ্রাউন্ড থেকে রথযাত্রা শুরু হবে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শোভাযাত্রাটি পুনরায় পূর্বাশা গ্রাউন্ডে ফিরে এসে শেষ হবে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরার রাজ্যপাল এবং মন্ত্রী টিংকু রায় উপস্থিত থাকবেন। ইসকনের পক্ষ থেকে সকল ধর্ম-বর্ণের মানুষকে এই মহোৎসবে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।প্রতি বছরের মতো এবারও হাজার হাজার ভক্তের সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা। তাঁদের বিশ্বাস, রথযাত্রা শুধু ধর্মীয় অনুভূতির নয়, মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করার এক অনন্য উপলক্ষ।
ভক্তি, আনন্দ আর সম্প্রীতির বার্তা নিয়ে ১৬ জুলাই ইসকনের মহা রথযাত্রা, প্রস্তুত আগরতলা
