বিলোনিয়া, ১৩ জুলাই: বর্ষা এলেই মুহুরী নদীর বন্যার আতঙ্কে দিন কাটে দক্ষিণ জেলার হাজার হাজার মানুষের। সেই আশঙ্কা থেকে জেলা সদর বিলোনিয়াকে সুরক্ষিত রাখতে জোরকদমে চলছে প্রায় ৮০ কোটি টাকার মুহুরী নদী বাঁধ সংস্কার ও শক্তিশালীকরণের কাজ। সোমবার এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক।পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকার, জল সম্পদ দপ্তরের নির্বাহী বাস্তুকার এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। নির্মাণকাজের প্রতিটি ধাপ খতিয়ে দেখে জেলা শাসক সংশ্লিষ্ট সংস্থাকে কাজের গুণগতমানের সঙ্গে কোনো আপস না করার নির্দেশ দেন।জেলা শাসক বলেন, এই প্রকল্প শুধুমাত্র একটি বাঁধ নির্মাণের কাজ নয়, বরং দক্ষিণ জেলার হাজার হাজার মানুষের জীবন, বাড়িঘর এবং সম্পদ রক্ষার সঙ্গে জড়িত। তাই নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে কাজ শেষ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।তিনি আরও জানান, বর্ষাকালে সম্ভাব্য বন্যার ঝুঁকি মোকাবিলায় প্রশাসন সবসময় সতর্ক রয়েছে। বাঁধ নির্মাণের পাশাপাশি পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে, যাতে কোনো ধরনের জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তাঁদের আশা, দ্রুত ও মানসম্পন্নভাবে কাজ শেষ হলে প্রতি বর্ষায় যে বন্যার আতঙ্কে দিন কাটাতে হয়, তা অনেকটাই কমে আসবে এবং দক্ষিণ জেলা সদর আরও নিরাপদ হবে।
বন্যা রুখতে ৮০ কোটি টাকার মুহুরী বাঁধে কড়া নজর, সরেজমিনে জেলা শাসক
