Headlines

‘রাস্তা নয়, যেন সুইমিংপুল’— আমবাসা-গন্ডাছড়া সড়কের বেহাল দশায় ফুঁসছেন এলাকাবাসী

আমবাসা, ১২ জুলাই: প্রতিদিন এই রাস্তা দিয়েই স্কুলে যায় পড়ুয়ারা, হাসপাতালে পৌঁছান রোগীরা, বাজারে যান সাধারণ মানুষ। অথচ সামান্য বৃষ্টি হলেই সেই রাস্তা পরিণত হয় জলভরা গর্তের সারিতে। ধলাই জেলার আমবাসা-গন্ডাছড়া সড়কের এমনই বেহাল চিত্র ঘিরে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে রাস্তার ভাঙাচোরা অংশ এবং জলাবদ্ধতার একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেকেই ব্যঙ্গ করে বলছেন, “এটা রাস্তা নয়, যেন সুইমিংপুল।”এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ হাসপাতাল, স্কুল-কলেজ, সরকারি অফিস ও বাজারে যাতায়াত করেন। কিন্তু বিশেষ করে চার মাইল এবং সাড়ে তিন মাইল এলাকার রাস্তার অবস্থা সবচেয়ে নাজুক বলে দাবি এলাকাবাসীর।স্থানীয়দের অভিযোগ, রাস্তার বেহাল অবস্থার কারণে ইতিমধ্যেই একাধিক দুর্ঘটনা ঘটেছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ফলে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়ে বলেন, আর বিলম্ব নয়—এবার স্থায়ী সমাধান প্রয়োজন। তাঁদের হুঁশিয়ারি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর গণআন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা।এখন ধলাই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন হাজারো পথচারী ও স্থানীয় বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *