একজন মায়ের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় উৎকণ্ঠায় দিন কাটছে গোটা পরিবার। রাজধানীর আমতলী থানার অন্তর্গত মধুবন-কাঁঠালতলী রিং সেটেলমেন্ট কলোনির বাসিন্দা মল্লিকা কর্মকার রায় গত পরশুদিন দুপুরে চিকিৎসার জন্য আগরতলার আইজিএম হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু সেই যাত্রার পর আর বাড়ি ফেরেননি তিনি।পরিবারের সদস্যরা জানান, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মল্লিকা বাড়ি না ফেরায় শুরু হয় উদ্বেগ। আত্মীয়-স্বজন, পরিচিতদের বাড়ি এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তাঁর কোনো সন্ধান মেলেনি। পরে তাঁর স্বামী শোপুর অঞ্জন রায় আমতলী থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন।ঘটনার তিন দিন কেটে গেলেও এখনও পর্যন্ত মল্লিকার কোনো খোঁজ না পাওয়ায় দুশ্চিন্তা আরও বেড়েছে পরিবারের। সবচেয়ে অসহায় অবস্থায় রয়েছে তাঁর ১০ বছরের কন্যাসন্তান, যে প্রতিদিন মায়ের ফেরার অপেক্ষায় রয়েছে।নিখোঁজ গৃহবধূর বাবা জগদীশ কর্মকার সংবাদমাধ্যমের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, যেন দ্রুত তৎপরতা বাড়িয়ে তাঁর মেয়েকে নিরাপদে উদ্ধার করা হয়। পরিবারের একটাই প্রার্থনা—মল্লিকা যেন সুস্থ ও নিরাপদ অবস্থায় আবার নিজের পরিবারের কাছে ফিরে আসেন।এদিকে, পুলিশ নিখোঁজের ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের আশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং সাধারণ মানুষের সহযোগিতায় খুব শিগগিরই মল্লিকা কর্মকার রায়ের সন্ধান মিলবে।
আইজিএম হাসপাতালে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ! তিন দিনেও মেলেনি খোঁজ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার
