গত রাত থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার জনজীবন। অবিরাম বর্ষণের ফলে মনু নদীর জলস্তর দ্রুত বাড়তে থাকায় শহরের একাধিক নিচু এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কে জল জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।নতুন কালীবাড়ি, কোর্ট মার্কেট, উত্তর কাচেরঘাট, পাইতুরবাজারসহ শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় জল জমে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অফিসগামী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।এলাকাবাসীর একাংশের অভিযোগ, আগে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে মনু নদীর জলস্তরের নিয়মিত তথ্য প্রকাশ করা হতো। সেই তথ্যের ভিত্তিতে মানুষ আগাম প্রস্তুতি নিতে পারতেন। বর্তমানে সেই আপডেট নিয়মিত না পাওয়ায় অনেকেই অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে রয়েছেন। তাই আগের মতো নিয়মিত জলস্তরের তথ্য প্রকাশের দাবি তুলেছেন তাঁরা।২০১৮ সালের ভয়াবহ বন্যার অভিজ্ঞতা এখনও মানুষের মনে তাজা। সেই স্মৃতি থেকেই বাসিন্দারা চান প্রশাসন আগাম সতর্কতামূলক ব্যবস্থা আরও জোরদার করুক এবং নদীর জলস্তরের ওপর সার্বক্ষণিক নজর রাখুক।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে মনু নদীর জলস্তর আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সক্রিয় নজরদারি এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
অবিরাম বৃষ্টিতে জলমগ্ন কৈলাসহর, মনু নদীর বাড়ন্ত জলস্তরে বাড়ছে উদ্বেগ
