আগামী দিনের দক্ষ ও প্রযুক্তিনির্ভর নেতৃত্ব গড়ে তুলতে এক অনন্য উদ্যোগ নিল আগরতলা ব্যাটালিয়ন, আসাম রাইফেলস। ২৪ জুন আগরতলা গ্যারিসন গ্রাউন্ডে এনসিসি ক্যাডেটদের জন্য আয়োজিত হয় বিশেষ অভিজ্ঞতামূলক প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে আধুনিক ড্রোন প্রযুক্তি এবং অবস্ট্যাকল কোর্স প্রশিক্ষণের মাধ্যমে তাদের সামনে তুলে ধরা হয় সেনাবাহিনীর বাস্তব কর্মজগতের এক ঝলক।আসাম রাইফেলসের অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ক্যাডেটরা সরাসরি ড্রোন পরিচালনার সুযোগ পায়। প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ এই দিকটি সম্পর্কে হাতে-কলমে ধারণা পেয়ে তারা ছিল অত্যন্ত উৎসাহিত।অন্যদিকে অবস্ট্যাকল কোর্সে অংশ নিয়ে ক্যাডেটরা শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, দলগত সমন্বয় ও চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতারও পরীক্ষা দেয়। প্রতিটি ধাপে ছিল আত্মবিশ্বাস বাড়ানোর নতুন অভিজ্ঞতা।অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্যাডেটদের প্রাণবন্ত উপস্থিতি ও আগ্রহ পুরো পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত। আগরতলা ব্যাটালিয়ন, আসাম রাইফেলস জানিয়েছে, দেশের যুবসমাজকে সশস্ত্র বাহিনীর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত করানো এবং ভবিষ্যতের নেতৃত্ব তৈরির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।প্রযুক্তি, শৃঙ্খলা ও সাহসিকতার এই মেলবন্ধন নিঃসন্দেহে তরুণ প্রজন্মকে দেশসেবার আদর্শে আরও অনুপ্রাণিত করবে।
ভবিষ্যতের প্রহরীদের প্রস্তুত করছে আসাম রাইফেলস — ড্রোন ও অবস্ট্যাকল প্রশিক্ষণে উচ্ছ্বসিত এনসিসি ক্যাডেটরা
