কাঠালিয়ার বহুল আলোচিত সমীর দাস হত্যাকাণ্ডের মামলাকে কেন্দ্র করে বুধবার আদালত চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযুক্তদের আদালতে আনা হলে তাদের এক নজর দেখতে আদালত প্রাঙ্গণে ভিড় জমান সমীর দাসের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং এলাকার বহু মানুষ।প্রত্যক্ষদর্শীদের দাবি, আদালতের ভেতরে প্রবেশের পর কিছু সময়ের মধ্যেই উপস্থিত সাধারণ মানুষ ও পরিবারের সদস্যদের বাইরে বের করে দেওয়া হয়। এরপর আদালত চত্বরের বাইরে ক্ষোভে ফেটে পড়েন তারা। সমীর দাস হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন থাকা পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজনকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায় বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে আদালত চত্বর ও আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়।এদিকে, নিহত সমীর দাসের পরিবারের দাবি, তারা বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখলেও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার সম্পন্ন করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের বক্তব্য, সমীর দাস হত্যার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন ও প্রতিবাদ চালিয়ে যাবেন তারা।ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে এখনও চাঞ্চল্য ও ক্ষোভের আবহ বিরাজ করছে।
কোর্ট চত্বরে উত্তেজনা, সমীর দাস হত্যাকাণ্ডে কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ
