আগরতলা: সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা থেকে শুরু করে পুর পরিষেবার সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া—নাগরিকদের সঙ্গে পুর নিগমের সরাসরি যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল ওয়ার্ড অফিস। সেই পরিষেবাকে আরও উন্নত ও নাগরিকবান্ধব করে তোলার লক্ষ্যে আগরতলা পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডে নতুন ওয়ার্ড অফিস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।এই উপলক্ষে আয়োজিত হয় ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটর নিতু দে গুহ-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আগরতলা পুর নিগম গঠিত হওয়ার পর বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করতে গিয়ে তিনি একাধিক সমস্যার বিষয়টি লক্ষ্য করেন। তাঁর কথায়, অনেক ওয়ার্ড অফিসের ভবন ছিল জরাজীর্ণ, কোথাও পর্যাপ্ত জায়গার অভাব ছিল। ফলে সাধারণ মানুষ নিজেদের সমস্যা ও অভাব-অভিযোগ জানাতে এসে প্রয়োজনীয় পরিবেশ পেতেন না।তিনি আরও বলেন, ওয়ার্ড অফিস কেবল একটি প্রশাসনিক ভবন নয়, এটি সাধারণ মানুষের সঙ্গে পুর নিগমের যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই প্রতিটি ওয়ার্ড অফিসকে আধুনিক পরিকাঠামোয় গড়ে তোলা এবং নাগরিকদের জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করাই পুর নিগমের লক্ষ্য।মেয়র জানান, এই পরিকল্পনার অংশ হিসেবেই কোথাও পুরোনো ওয়ার্ড অফিস সংস্কার করা হচ্ছে, আবার কোথাও নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডে ভূমি পূজন ও নির্মাণকাজ শুরু হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী দিনে সেগুলির কাজও শুরু করা হবে।৩৬ নম্বর ওয়ার্ডে নতুন অফিস ভবন নির্মাণের এই উদ্যোগে এলাকার বাসিন্দারা ভবিষ্যতে আরও উন্নত পরিবেশে পুর পরিষেবা পাবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।
নাগরিক পরিষেবায় নতুন সংযোজন, ৩৬ নম্বর ওয়ার্ডে আধুনিক অফিস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
