বিশালগড়: সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে বিবাদ গড়াল রক্তক্ষয়ী হামলায়। বিশালগড়ের জাঙ্গালিয়া সুবল সাহা চৌমুহনী এলাকায় বিজেপি কর্মী রাজেশ শিবের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় সিপিআইএম কর্মী অর্জুন দেবনাথের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল রাতে এক মৃত ব্যক্তির সৎকারের কাজ সেরে বাড়ি ফেরার পথে রাজেশ শিব ও তাঁর এক বন্ধু রাস্তার পাশে সাপ্লাইয়ের জলে স্নান করছিলেন। অভিযোগ, স্নান করাকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত হয়। এরপর অর্জুন দেবনাথ ফোন করে রাজেশকে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন বলে অভিযোগ। এতে রক্তাক্ত হন রাজেশ শিব।পরবর্তীতে সোমবার দুপুরে আহত রাজেশ বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা করান। এরপর অভিযুক্ত অর্জুন দেবনাথের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করেন তিনি।অভিযোগ, মামলা দায়েরের পরও রাজেশকে হুমকি দেন অভিযুক্ত। তাঁকে উদ্দেশ্য করে চামড়া তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে এমন হামলা ও পরবর্তী হুমকির অভিযোগে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। এখন পুলিশের তদন্তে ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা কতটা উঠে আসে, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।
স্নান করাকে কেন্দ্র করে বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ, অভিযুক্ত সিপিআইএম কর্মী
