বর্ষা হোক কিংবা অন্য কোনও সময়, ছড়ার পাড় ভাঙতে থাকলে আতঙ্কে দিন কাটে আশপাশের বাসিন্দাদের। কখন যে ভাঙনের জেরে ক্ষতিগ্রস্ত হবে বাড়িঘর কিংবা মূল্যবান সম্পত্তি, সেই চিন্তাই তাড়া করে বেড়াত তাঁদের। অবশেষে সেই উদ্বেগ কিছুটা হলেও কাটতে চলেছে ফটিকরায় বিধানসভা কেন্দ্রের গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের।দীর্ঘদিনের সমস্যা সমাধানের লক্ষ্যে এলাকায় ছড়ার ভাঙন রোধে শুরু হয়েছে নির্মাণকাজ। কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, এই নির্মাণকাজ সম্পন্ন হলে ছড়ার ভাঙনজনিত ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেকটাই কমবে এবং নিরাপদে বসবাস করতে পারবেন এলাকার মানুষ।এলাকাবাসীর এই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা সুনীল দেবনাথ। তিনি এই উদ্যোগের জন্য মন্ত্রী সুধাংশু দাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।দীর্ঘদিনের দুশ্চিন্তার মাঝে নির্মাণকাজ শুরু হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন গঙ্গানগরের বাসিন্দারা। এখন তাঁদের প্রত্যাশা, দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন হলে ছড়ার ভাঙনের আশঙ্কা থেকে স্থায়ীভাবে মুক্তি মিলবে।
দীর্ঘদিনের আতঙ্ক কাটল গঙ্গানগরে, ছড়ার ভাঙন রোধে শুরু নির্মাণকাজ
