Headlines

প্রাক্তনীদের উদ্যোগে ‘প্রেরণা’, স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীদের পাশে

শুধু স্মৃতির পাতায় নয়, প্রিয় বিদ্যালয়ের বর্তমান প্রজন্মের পাশে দাঁড়িয়েও পুরনো সম্পর্ককে নতুন করে বাঁচিয়ে রাখলেন নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের প্রাক্তনীরা। আগরতলার এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ে আয়োজিত হলো ‘প্রেরণা’ স্কলারশিপ প্রদান অনুষ্ঠান।বিদ্যালয়ের ১৯৮৫ সালের মাধ্যমিক এবং ১৯৮৭ সালের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগেই এই বৃত্তি প্রদান করা হয়। মেধাবী এবং আর্থিকভাবে প্রয়োজন রয়েছে—এমন শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্জ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন বিধায়ক ডা. দিলীপ কুমার দাস, প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাজীবনে সাফল্যের জন্য মেধার পাশাপাশি আত্মবিশ্বাস ও এগিয়ে যাওয়ার মানসিকতাও জরুরি। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগ বর্তমান শিক্ষার্থীদের শুধু আর্থিকভাবে সহায়তা করবে না, তাদের স্বপ্ন দেখতেও উৎসাহিত করবে।একসময় যে বিদ্যালয় তাঁদের ভবিষ্যতের পথ দেখিয়েছিল, আজ সেই বিদ্যালয়েরই নতুন প্রজন্মের পাশে দাঁড়িয়ে প্রাক্তনীরা যেন ফিরিয়ে দিলেন ভালোবাসার কিছুটা ঋণ। শিক্ষার্থীদের পাশে থাকার এই ধারাবাহিকতা আগামী দিনেও বজায় থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *