বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের কথায় বাড়ির গবাদি পশুর ঘরে গিয়েছিল আমেনা। উদ্দেশ্য ছিল শুধু গবাদি পশুর বাঁধন খুলে দেওয়া। কিন্তু সেখানে আচমকাই বিষধর সাপের ছোবল। পায়ে দংশনের পর সামান্য ব্যথা অনুভব করে মাকে বিষয়টি জানিয়েছিল শিশুটি।পরিবারের সদস্যরা ছুটে গিয়ে গবাদি পশুর ঘরে একটি বিষধর সাপ দেখতে পান। সময় নষ্ট না করে আমেনাকে নিয়ে যাওয়া হয় কাঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে সোনামুড়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।যাত্রাপুর থানাধীন ভবানীপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু তাহেরের মেয়ে আমেনার এমন আকস্মিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবার। মা-বাবার কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। আর যে বাড়িতে ছোট্ট আমেনার হাসি-খেলায় মুখর থাকত, সেখানে নেমে এসেছে গভীর শোকের নীরবতা।
এক মুহূর্তের অসতর্কতা… আর তাতেই থেমে গেল চতুর্থ শ্রেণির পড়ুয়া আমেনা খাতুনের ছোট্ট জীবন।
