বুধবার দুপুরে ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে একের পর এক পড়ুয়া। শ্বাসকষ্ট, বুক জ্বালাপোড়া, হাত-পা খিঁচে যাওয়া—এমন নানা উপসর্গ নিয়ে সপ্তম শ্রেণির প্রায় ১৩ জন ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া হাসপাতালে। তাদের মধ্যে একজন ছাত্র এবং বাকিরা ছাত্রী বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ে বিদ্যালয় চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি কয়েকজন সংজ্ঞাও হারিয়ে ফেলে বলে জানা যায়। সন্তানদের অসুস্থ হওয়ার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরাও।অভিভাবকদের একাংশের অভিযোগ, পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ার পর তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিদ্যালয়ের পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি। যদিও পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকারা সেখানে পৌঁছান।উল্লেখযোগ্যভাবে, একই বিদ্যালয়ে এর আগেও পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। ফলে বারবার একই ধরনের ঘটনা কেন ঘটছে, তার কারণ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।ঘটনার খবর পেয়ে বিলোনিয়া হাসপাতালে পৌঁছান জেলা শিক্ষা আধিকারিক এবং বিলোনিয়া মহকুমা শাসক। ঠিক কী কারণে এতজন পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও প্রশ্ন।
ক্লাস চলাকালীন একের পর এক পড়ুয়া অসুস্থ, আতঙ্ক বিলোনিয়ার স্কুলে
