সাত দফা দাবিকে সামনে রেখে ফের পথে নামলেন আত্মসমর্পণকারী এটিটিএফ ও এনএলএফটি-র সদস্যরা। শুক্রবার চম্পকনগর এলাকায় আসাম–আগরতলা জাতীয় সড়ক এবং ব্রিগুদাস এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।বিক্ষোভকারীদের অভিযোগ, আত্মসমর্পণের সময় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অনেকটাই এখনও বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও প্রত্যাশিত সমাধান না মেলায় ফের অবরোধের পথে যেতে বাধ্য হয়েছেন বলে জানান তাঁরা।অবরোধের জেরে জাতীয় সড়ক ও রেল পরিষেবায় স্বাভাবিকভাবেই প্রভাব পড়ে এবং দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফেও তৎপরতা দেখা যায়।বিক্ষোভকারীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী এবং জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা ঘটনাস্থলে এসে তাঁদের দাবিগুলি পূরণের বিষয়ে স্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না।তাঁদের দাবি, প্রতিশ্রুতিগুলি দ্রুত বাস্তবায়ন করে সমস্যার স্থায়ী সমাধান করা হোক। এখন পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে।
৭ দফা দাবিতে ফের অবরোধ, মুখ্যমন্ত্রীর আশ্বাসের অপেক্ষায় আত্মসমর্পণকারী সদস্যরা
