রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক। আর সেই সময়েই থানার পক্ষ থেকে নাকি আসছে মীমাংসার প্রস্তাব—এমনই গুরুতর অভিযোগ উঠেছে বিশালগড় পুলিশের বিরুদ্ধে।অভিযোগ, গত শুক্রবার রাতে বিশালগড় থানার অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ সংলগ্ন এলাকায় বিকাশ বিশ্বাস নামে এক যুবকের উপর হামলা চালানো হয়। অভিযোগের তীর নিতাই দাস ও তাঁর ছেলে সৌরভ দাসের দিকে। মারধরের ঘটনায় গুরুতর আহত বিকাশ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।পরিবারের অভিযোগ, ঘটনার পর বিশালগড় থানায় লিখিত অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বরং পুলিশ ফোন করে বিষয়টি মীমাংসা করে নেওয়ার প্রস্তাব দিচ্ছে বলেও অভিযোগ পরিবারের।শুধু তাই নয়, থানায় অভিযোগ জমা দেওয়ার পর তার রিসিভ কপিও দেওয়া হয়নি বলে দাবি করেছেন অভিযোগকারীরা। ফলে একদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক, অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়ে পরিবারের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা।পরিবারের দাবি, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে অভিযোগ গ্রহণের পর কেন রিসিভ কপি দেওয়া হয়নি এবং কেন মীমাংসার প্রস্তাব দেওয়া হচ্ছে—তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।তবে পুলিশের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও জানা যায়নি।
হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই, পুলিশের বিরুদ্ধে মীমাংসার চাপ দেওয়ার অভিযোগ
