বাইখোড়া বাজারে যাওয়ার পথে কলসীরমুখ ভিলেজের চেয়ারম্যান তথা মাংস ব্যবসায়ী কাউসোরাম রিয়াংয়ের উপর হামলার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শনিবারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত কাউসোরাম বর্তমানে চিকিৎসাধীন।আক্রান্তের অভিযোগ, তিনি মাংস নিয়ে বাইখোড়া সবজি বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে দুই যুবক তাঁর উপর আচমকা হামলা চালায়। তাঁর দাবি, বাইখোড়া বাজারের মরিচ ব্যবসায়ী বিজন ও সুজন তাঁকে মারধর করেন। হামলায় তিনি আহত হন।আহত অবস্থায় কোনওরকমে নিজেকে সামলে তিনি বাইখোড়া থানায় পৌঁছে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ তাঁকে চিকিৎসার জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন।কাউসোরাম রিয়াংয়ের দাবি, এর আগে লক্ষ্মীছড়া বাজারে ব্যবসার জায়গা নিয়ে বিজন বণিকের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়েছিল। সেই পুরনো বিরোধের জেরেই তাঁর উপর হামলা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি।ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আক্রান্ত। সংবাদমাধ্যমের সামনে নিজের বক্তব্য তুলে ধরে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির আবেদনও জানান তিনি।তবে অভিযুক্ত বিজন ও সুজনের বক্তব্য এখনও পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর স্থানীয়দের।
বাজারে যাওয়ার পথে ভিলেজ চেয়ারম্যানকে হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
