আগরতলা: শক্তি, দক্ষতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা দিতে রবিবার দশরথ দেব ভবনে জড়ো হলেন পশ্চিম জেলার একঝাঁক পাওয়ার লিফটার। আসন্ন রাজ্যভিত্তিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় জেলার হয়ে কারা প্রতিনিধিত্ব করবেন, সেই প্রতিভা খুঁজতেই আয়োজন করা হয় পশ্চিম জেলা ভিত্তিক প্রতিযোগিতা ও নির্বাচন শিবিরের।জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা নিজেদের সেরাটা তুলে ধরতে অংশ নেন এই শিবিরে। তাঁদের পারফরম্যান্সের ভিত্তিতেই রাজ্যস্তরের প্রতিযোগিতার জন্য সম্ভাবনাময় খেলোয়াড়দের বেছে নেওয়া হবে।শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়-সহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা। প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড়দের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।আয়োজকদের আশা, এই বাছাই শিবির শুধু রাজ্য প্রতিযোগিতার জন্য খেলোয়াড় নির্বাচনেই সীমাবদ্ধ থাকবে না, আগামী দিনে পশ্চিম জেলা থেকে আরও প্রতিভাবান পাওয়ার লিফটার উঠে আসার পথও তৈরি করবে।
রাজ্য প্রতিযোগিতার লক্ষ্যে পশ্চিম জেলায় পাওয়ার লিফটিং বাছাই শিবির
