Headlines

এক্কা পার্কে দেশাত্মবোধের সুর, প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে অসম রাইফেলসের মিলন

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসের আবহে আগরতলার এক্কা পার্কের শহিদ স্মৃতিসৌধে অন্যরকম এক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন শহরবাসী। প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্য নিয়ে অসম রাইফেলসের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ আউটরিচ কর্মসূচি।অনুষ্ঠানে অসম রাইফেলস ব্যান্ডের সঙ্গে স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ। দেশাত্মবোধক সুরে মুখর হয়ে ওঠে গোটা পরিবেশ। স্থানীয় শিল্পীদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি এই যৌথ পরিবেশনা তৈরি করে এক আন্তরিক ও আবেগঘন মুহূর্ত।প্রাক্তন সেনাকর্মী, স্থানীয় মানুষ এবং অসম রাইফেলসের সদস্যদের মধ্যে এই মিলন অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসে দেশপ্রেম, ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির বার্তা। একই সঙ্গে স্থানীয় সংস্কৃতি ও প্রতিভাকে সম্মান জানানোর সুযোগও তৈরি হয়।অসম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়, প্রাক্তন সেনাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সমাজের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত থাকাই এই ধরনের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *