Headlines

রাস্তা তৈরির কাজ থমকে, সিমনায় দুর্ভোগে গ্রামবাসী—দ্রুত কাজ শেষের দাবি

সিমনা: রাস্তা হবে, বদলাবে যাতায়াতের ছবি—এই আশাতেই ছিলেন সিমনা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ। কিন্তু নির্মাণকাজ শুরু হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাস্তা এখনও পুরোপুরি চলাচলের উপযোগী হয়ে ওঠেনি। ফলে প্রতিদিনের যাতায়াতে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা।সিমনা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে সমু দেবের বাড়ির সামনে থেকে কাটাছড়ার সিসি রোড পর্যন্ত নতুন এই রাস্তা নির্মাণের কাজ চলছে। রাস্তার দু’পাশে আরসিসি ওয়াল তৈরি হলেও মাঝখানে এখনও মাটি ভরাট করা হয়নি। বর্ষার জলে কোথাও মাটি সরে গিয়ে গর্ত তৈরি হয়েছে, কোথাও আবার রাস্তা হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।স্থানীয়দের কথায়, এই অবস্থায় স্কুল পড়ুয়া, বয়স্ক মানুষ থেকে শুরু করে অসুস্থ রোগীদেরও যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে। জরুরি প্রয়োজনে চলাচল আরও কঠিন হয়ে উঠছে বলে অভিযোগ তাঁদের।গ্রামবাসীরা জানান, গত আশ্বিন মাসে কাজ শুরু হলেও এখনও নির্মাণের গতি অত্যন্ত ধীর। রাস্তার কাজ দ্রুত শেষ করে সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন তাঁরা।অন্যদিকে, সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্য, প্রায় ছয় মাস আগে কাজ শুরু হয়েছিল। আরসিসি ওয়াল নির্মাণের পর বর্ষা চলে আসায় মাটি ভরাটের কাজ করা সম্ভব হয়নি। এটি নতুন রাস্তা হওয়ায় পুরো প্রকল্প শেষ করতে আরও সময় লাগতে পারে বলেও দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।তবে স্থানীয়দের একটাই দাবি—সময় যতই লাগুক, নিরাপদ ও চলাচলের উপযোগী রাস্তা দ্রুত তৈরি করা হোক। বছরের পর বছর অপেক্ষা নয়, এবার বাস্তবে রাস্তার কাজ শেষ দেখতে চান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *