আগরতলা: এলাকার দীর্ঘদিনের পানীয় জল সমস্যা ও জনস্বার্থে একাধিক দাবিকে সামনে রেখে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশনের সহকারী ইঞ্জিনিয়ার নির্মল কান্তি পালের কাছে স্মারকলিপি জমা দিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পূর্ব আগরতলা অঞ্চল কমিটি।সংগঠনের প্রতিনিধিরা জানান, বহু এলাকায় অনিয়মিত জল সরবরাহ, পর্যাপ্ত পানীয় জলের অভাব এবং বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। তাই দ্রুত সমস্যাগুলির স্থায়ী সমাধান এবং নিয়মিত ও নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করার দাবিতে এই স্মারকলিপি দেওয়া হয়েছে।স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পানীয় জল মানুষের মৌলিক অধিকার। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ দূর করা। প্রয়োজনে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথেও নামার ইঙ্গিত দেন তাঁরা।সহকারী ইঞ্জিনিয়ার নির্মল কান্তি পাল সংগঠনের দাবি শোনেন এবং বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
পানীয় জলের দাবিতে জল বোর্ডে স্মারকলিপি, সরব গণতান্ত্রিক নারী সমিতি
