সোনামুড়া: বাড়তে থাকা বিদ্যুৎ বিলের বোঝা নিয়ে ক্ষোভ অবশেষে রাস্তায় গড়াল। সোমবার বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার বহু বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে কয়েক ঘণ্টার জন্য উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।বিক্ষোভকারীদের অভিযোগ, গত কয়েক মাসে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পক্ষে সেই বিল পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। বহু গ্রাহকের দাবি, তাদের বিদ্যুৎ ব্যবহারের তুলনায় বিল অনেক বেশি আসছে। তাই বর্ধিত বিল প্রত্যাহার এবং সঠিকভাবে বিল পুনর্মূল্যায়নের দাবিতে তাঁরা আন্দোলনে নামেন।বিক্ষোভ চলাকালীন বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে স্লোগান দেন আন্দোলনকারীরা এবং দ্রুত সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।খবর পেয়ে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা হয় এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
বিদ্যুৎ বিলে ক্ষোভের বিস্ফোরণ, সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি করে বিক্ষোভ
